Monday, 19 April 2021

নববর্ষের চিঠি - অদিতি মুখার্জী সেনগুপ্ত

 

পত্র সাহিত্য 

কল্যাণীয়েষু সুধিবৃন্দ, 

আমি তোমাদের সকলের প্রিয় পয়লা বৈশাখ বলছি। প্রতি বছরের মত আমি নতুন পরিধানে, নতুন আশা নিয়ে তোমাদের দরবারে আবার হাজির হলাম। 

জানি গতবছর অদেখা কোরোনার প্রকোপের ফলে সকলেই গৃহবন্দি ছিলে, তাই আনন্দটাও সেই ভাবে উপভোগ করতে পারোনি। 

এই বছরেও কোরোনার প্রকোপের ভয় কমেনি তবে যেহেতু এখন আর লকডাউন নেই, তাই আশাকরি একত্রে আনন্দে মেতে উঠতে পারবে। তবে নিষেধাজ্ঞার নিয়মগুলো মেনেই আনন্দে মেতে ওঠাটাই সঠিক বলে আমি মনে করি। 

আজকের দিনটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ ও আনন্দের। তোমরা সকলে ধর্ম, বর্ণ ও জাতি নির্বিশেষে  আনন্দ ও উদ্দীপনায় মেতে ওঠো। এটা আমার কাছে খুবই গর্বের। যে কাজটা কোন ধর্ম -গুরু বা কালজয়ী নেতা তাঁর জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে করতে সক্ষম হয়নি, তা আমি পেরেছি। আমিই তোমাদের সকলকে একত্র করতে পেরেছি হাজারো প্রাণের মেলায়।

আজ তোমরা আমাকে যে ভালোবাসা দাও, আমি চাই সেই ভালোবাসার জোরেই তোমরা জীবনের পথে এগিয়ে যাও। 

কখনই মন খারাপ করবে না। তোমরা যারা প্রবাসী বাঙালি তারাও নিজেদের সামর্থ্য অনুযায়ী আমার আসর জমিয়ে তুলো। আমিই তোমাদের মন রাঙিয়ে দেবো।তোমরা তোমাদের সোনামণিদের সাথে আমার পরিচয় করিয়ে দিও বারবার। 
যেদিন ওদের মুখে শুনব, "এসো হে বৈশাখ, এসো এসো",সেদিন ঠিক বুঝে নেবো আমিও পৌছে গেছি তোমাদের সাথে ধরার প্রতিটি প্রান্তে। সেদিনের অপেক্ষায় রইলাম। 

তোমাদের সকলের বছরটা ভালো কাটুক, এই কামনাই করি। 

ইতি,
তোমাদের সকলের প্রিয় নববর্ষ।


অদিতি মুখার্জী সেনগুপ্ত - কলকাতা 


No comments:

Post a Comment

করোনা কালের হতভাগ্য শৈশব - বিশাখা ব্যানার্জী পতি

  মুক্তগদ্য  'মোরা ঝঞ্ঝার মত উদ্দাম  মোরা ঝর্ণার মত  চঞ্চল , মোরা বিধাতার মত নির্ভয়  মোরা প্রকৃতির মত স্বচ্ছল ।' - কবি কাজী নজরুল ইস...