পত্রসাহিত্য
"--------"
কি যেন নাম তোমার? অনিকেত? অনিন্দ্য? অনিমেষ? মনে নেই আজ। ধূলোঝড়ে উড়ে গেছে স্মৃতির বারান্দা থেকে। তবু…..তবু…..তবু…..।
সামনের কাশবনে খেলে বেড়ানো লাল মুনিয়াটা তার ছিটছিটে ডানা মেলে উড়ে এলো ভোরের রঙ মাখা এক ঠিকানাবিহীন চিঠি নিয়ে। ও কিভাবে যেন জেনেছিল এ চিঠি আমার সেই অসহিষ্ণু স্বেচ্ছাচারী বোহেমিয়ান প্রেমিকের যে কোনদিনই কারো দাঁড়ে পোষ মানে নি। একদিন সকলকে ফাঁকি দিয়ে চোখে স্বপ্ন নিয়ে বিশ্বগতির মুক্তছন্দে ডানা মেলেছিল এক্কেবারে মেঘের মাঝে।
একটা কথা বলি শোনো । ভালোবাসাই বলো আর কবিতাই বলো বোহেমিয়ানিজম্ কিন্তু কোথাও স্থায়ী হয় না। প্রেমের একই পাত্রে আকাশ ও মাটি একসাথে আঁটে না। কেউ না কেউ উপচে পড়ে, হয় মাটি না হয় আকাশ। আর সেই উপচানোটুকু নিয়ে আমরা মুক্তির পথে রওনা দিই। তখন তো একটাই পৃথিবী। দূর থেকে দেখলে ভোরের ও গোধূলির রঙ এক বলে মনে হয়। টুং টুং ঘন্টা ধ্বনি তোলা ট্রামের শব্দ কানে আসে না। আকাশের নীলে মিশে যায় ময়দানের সবুজ ঘাস।
জানতাম মনের টানেই কোন না কোন দিন ফিরে আসবে। বলেছিলাম— উড়ান একধরনের আত্মঘাতী অভিলাষ। পছন্দ হয় নি আমার কথা। সরে গিয়েছ। দূর থেকে দূরে—আরো দূরে— একেবারে সবুজ সিঁড়ি বেয়ে আকাশের ওপারে ঘরের সীমানায়। হীরেকুচি বৃষ্টিতে ভিজেছ অনেক। ছায়াপথে হেঁটেছ।সহস্র রাত জেগে
নক্ষত্রদের গল্প লিখেছ। ঢের হয়েছে। আর নয়। এবার প্রণয় কল্পনা মুছে দাও। প্যারাসুটের ডানায় মাটিতে নেমে এসো। আত্মবিচূর্ণের দর্পণে মুখ রেখে দ্যাখো তোমার মধ্যেও লুকিয়ে আছে চিরকালের একলা প্রেমিক।
মনে রেখো কোন প্রেম নিস্কাম নয়।
কিশোর কিশোরীর চিলতে হাসিতেও কামনা থাকে, থাকে অমোঘের টান।নাই বা হলাম উড়ানের সঙ্গী, তাই বলে ভালোবাসিনি যে তা তো নয়। মুখোমুখি এসে দাঁড়াও। এই দ্যাখো আমি দুহাত বাড়িয়েছি। আমার এক হাতে ধূসর মরুভূমি, অন্য হাতে চেরাপুঞ্জির মেঘ। বলো কোন হাতে রাখব তোমায়? বলো।
আকাশের নীলে হৃদয় খুলে দাও। ভেসে যাক আমাদের ভালোলাগার উড়ান—ভালোবাসার উড়ান—স্বপ্নের উড়ান———
"যত কথা জমে থাকে জীবৎকালে জুড়ে
জমা হয় ততখানি নিবিড় বিষাদ
সমস্ত মুঠোয় নাও,
অনন্তের পায়ে চলো শর্তহীন রাখি।"
এসো আজ শিশিরে স্নান করি।
ইতি--------------
অনামিকা।
(কবিতা ঋণ— কবি রেহান কৌশিক।)
![]() |
| শম্পা চক্রবর্তী - ব্যান্ডেল |

আপনারা যারা ওনার লেখা পড়লেন তারা দয়া করে তাদের মূল্যবান মতামত এখানে কমেন্ট বক্সে দিয়ে যান।
ReplyDeleteধন্যবাদ।
সম্পাদক
সাহিত্যের সন্ধানে পত্রিকা
আপনার লেখা মানেই একটা আলাদা স্বাদ... আলাদা অনুভূতি! দারুণ লেখা!
ReplyDeleteআপনার লেখা মানেই একটা আলাদা স্বাদ... আলাদা অনুভূতি! দারুণ লেখা!
ReplyDelete"আকাশের নীলে হৃদয় খুলে দাও। ভেসে যাক আমাদের ভালোলাগার উড়ান – ভালোবাসার উড়ান – স্বপ্নের উড়ান ---"
ReplyDeleteপ্রতি পদে বেঁধে রাখা মায়াময় অর্গল খুলে দিই ভোরের বা গোধূলির রঙে – এই জীবনের 'স্বপ্নের উড়ান'...
খুবই সুন্দর লেখা 🌹
Ki bolbo eke samudrer atale dub diye jhinuk theke ramdhanu ranga mukto pawar anando naki andhakare amulya hirak khander jhalkani-----anabadya divai❤anubhuti prokasher vasha nei.
ReplyDeleteমুগ্ধতা একরাশ❤️
ReplyDelete